সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল আর্কাইভে গুরুত্ব দিচ্ছে আইসিটি বিভাগ

২১ মার্চ, ২০২১ ১৩:০০  
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিমন্ত্রণালয় ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মিলে মুক্তিযুদ্ধের ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মতো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইন্টারঅ্যাক্টিভ আর্কাইভ করার পরিকল্পনার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার টিএমজিবি আয়োজিত “মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্যবিভ্রাট ও গুজব বিড়ম্বনা” বিষয়ক ওয়েব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্তের কপিরাইট জালিয়াতি ঠেকাতে আইসিটি বিভাগের ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহার করা হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী তার বক্তব্যে সংবাদিক ও বাণিজ্য সংগঠনের সঙ্গে জোটবদ্ধভাবে এই কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পলক বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরাও এবার অপশক্তির বিরুদ্ধে সাইবার যুদ্ধে জয়ী হবো। এছাড়াও আমরা ভবিষ্যতে একটি ডিজিটাল মিডিয়া কনফারেন্স করতে চাই। একই সঙ্গে মিট দ্য মিনিস্টার অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।